স্ত্রীকে তাজমহল ঘুরিয়ে দেখালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৩:৩১ পিএম

সংগৃহীত

দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে ভারতের আগ্রায় অবস্থিত বিশ্ববিখ্যাত তাজমহল পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (২৫ মে) স্ত্রী জ্যানেট রুবিওকে সঙ্গে নিয়ে মুঘল স্থাপত্যের অনন্য এই নিদর্শন ঘুরে দেখেন তিনি।

সফরকালে তাজমহলের সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণমূলক ছবি তোলেন মার্কো রুবিও ও তার স্ত্রী। ঐতিহাসিক এই সৌধের সৌন্দর্য ও স্থাপত্যশৈলী ঘুরে দেখার পাশাপাশি দর্শনার্থী বইয়েও মন্তব্য লিখেছেন তিনি। সেখানে তাজমহলকে “বিশ্বের প্রকৃত সম্পদগুলোর একটি” বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

চার দিনের রাষ্ট্রীয় সফরে গত শনিবার ভারতে পৌঁছান রুবিও। এটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার প্রথম আনুষ্ঠানিক ভারত সফর। সফরের অংশ হিসেবে কলকাতা ও নয়াদিল্লি সফরের পর সোমবার আগ্রায় যান তিনি। পরবর্তী সময়ে জয়পুর সফর শেষে আবারও নয়াদিল্লিতে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য, শুল্কনীতি এবং আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে কিছু চাপ তৈরি হয়েছে। বিশেষ করে চীন, পাকিস্তান ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত পরিস্থিতি দুই দেশের সম্পর্কে নতুন গুরুত্ব এনে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্যিক, রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কোয়াড জোটের সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top