পাকিস্তানে ট্রেনবোমা হামলা: নিহত অন্তত ২৪, আহত ৮২

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বোমা হামলায় একটি শাটল ট্রেন লক্ষ্যবস্তু হয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রোববার (২৪ মে) সকালে কোয়েটার চমন ফটকের কাছে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ট্রেনটি জাফর এক্সপ্রেস কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করে রেলস্টেশনের দিকে যাচ্ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শক্তিশালী বিস্ফোরণের ফলে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং অন্তত দুটি বগিতে আগুন ধরে যায়। আশপাশের কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৫৭ জনকে সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রায় ৭০ কেজির বেশি বিস্ফোরকসহ একটি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের প্রকৃতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান শুরু করে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে রেসকিউ ট্রাক ও একটি সহায়ক ট্রেন পাঠানো হয়েছে।

সূত্র: সিনহুয়া, এপিপি, ডন



বিষয়:



Top