তামিলনাড়ুতে নাবালিকাকে ধর্ষণ-হত্যা: তীব্র উত্তেজনা, কড়া বার্তা দিলেন থালাপতি বিজয়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৭:১১ পিএম
ভারতের তামিলনাড়ুতে ১০ বছরের এক নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কোয়েম্বাটুর জেলার সুলুর এলাকার কান্নামপালায়ম হ্রদের ধারে শিশুটির মরদেহ উদ্ধারের পর পুরো রাজ্যজুড়ে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
ঘটনার পর রাজ্যটির মুখ্যমন্ত্রী Thalapathy Vijay কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি একটি ক্ষমাহীন অপরাধ। তিনি দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং জানান, নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে সরকার কোনো ধরনের আপস করবে না।
পুলিশ জানিয়েছে, শিশুটি বাড়ির কাছের একটি দোকানে জিনিস কিনতে গিয়ে নিখোঁজ হয়। পরে শুক্রবার (২২ মে) হ্রদের ধারে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে নেমে কার্তিক ও মোহন রাজ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী দল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছে। অন্যদিকে বিজেপি পূর্ববর্তী প্রশাসনের দায় তুলে ধরে বর্তমান পরিস্থিতিকে সেই ধারাবাহিকতার ফল বলে মন্তব্য করেছে।
ঘটনার পর স্থানীয় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। নারী ও শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে রাজ্যজুড়ে।
বিশ্লেষকদের মতে, এই নৃশংস ঘটনা রাজ্যের রাজনীতিতে নতুন চাপ তৈরি করেছে। এখন সবার নজর দ্রুত বিচার নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা যায়, তার ওপর।
বিষয়:
