পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ২৯, দুই পুলিশ সদস্যও নিহত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৭:০২ পিএম
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার মিরিয়ান তহসিলের বারাকজাই আখুন্দখেল এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বেসামরিক নাগরিকও রয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শনিবার (২৩ মে) বিপুল সংখ্যক সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে পুলিশ ও স্থানীয় শান্তি কমিটি যৌথ অভিযান শুরু করে। পরে লাক্কি মারওয়াতের শান্তি কমিটির সদস্যরাও অভিযানে অংশ নেন।
জেলা পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি জানান, অভিযানে ২৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। সংঘর্ষ চলাকালে সন্ত্রাসীরা বিভিন্ন সড়কে ব্যারিকেড তৈরি করলেও পুলিশ তা অপসারণ করে অভিযান চালিয়ে যায়।
পুলিশ সূত্র জানায়, তীব্র গোলাগুলির মধ্যেও পুলিশ সদস্যরা নিরাপদে থানায় পৌঁছাতে সক্ষম হন। পরে অতিরিক্ত বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী কমান্ডার জমারি নূর ও আবদুল্লাহ নিহত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে স্থানীয় সূত্র বলছে, বারাকজাই এলাকায় এখনও বিপুলসংখ্যক সন্ত্রাসী অবস্থান করছে। ফলে সেখানে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটছে এবং উত্তেজনা বিরাজ করছে।
নিহত পুলিশ সদস্যরা হলেন ওয়াহিদ খান ও নূরুল্লাহ। আহতদের মধ্যে রয়েছেন ওয়াহিদুল্লাহ, শাহ বখতিয়ার, সাজ্জাদুল্লাহ, এসএইচও নওরাং আসমতুল্লাহ নিয়াজি, জোহাইব খান, আতিফ ও নোমান কোরেশি।
এ ছাড়া নিহত দুই বেসামরিক ব্যক্তি হলেন অবসরপ্রাপ্ত এফসি কর্মকর্তা রাইব খান এবং নাসির খান। আহত হয়েছেন মহসিন, বখত আলী ও সাফিউল্লাহ।
এদিকে, বান্নু-মিরানশাহ সড়কের মামা শ খেলে গুল জামান মসজিদের কাছে পুঁতে রাখা ১০ কেজি ওজনের রিমোট নিয়ন্ত্রিত বোমা নিষ্ক্রিয় করেছে বান্নু পুলিশ। বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত অভিযান চালিয়ে বিস্ফোরকটি নিরাপদে নিষ্ক্রিয় করে বড় ধরনের নাশকতার চেষ্টা নস্যাৎ করে।
বিষয়:
