হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৩:১২ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস-এর কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক বন্দুকধারীর সঙ্গে নিরাপত্তা সদস্যদের গুলিবিনিময়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সন্ধ্যা ৬টার পর সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটনের ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন একটি নিরাপত্তা চৌকির কাছে যান। এ সময় তিনি ব্যাগ থেকে অস্ত্র বের করে নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে গুলি চালান।

প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই ব্যক্তি একটি ব্যাগে অস্ত্র লুকিয়ে রেখেছিলেন এবং নিরাপত্তা চৌকিতে পৌঁছে গুলি চালাতে শুরু করেন।

পরে নিরাপত্তা সদস্যরা পাল্টা গুলি চালালে বন্দুকধারী গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গুলিবিনিময়ের সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন। তবে তিনি বন্দুকধারীর গুলিতে নাকি পাল্টাপাল্টি গুলির মধ্যে আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। ঘটনার পর পুরো এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয় এবং লকডাউন ঘোষণা করা হয়। তবে এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আহত হননি।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

রিপাবলিকান দলের নেতা স্টিভ স্ক্যালিস এক বার্তায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা এখন বিপজ্জনক সময়ে বসবাস করছি।”

এদিকে ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক কিম্বারলি হালকেট জানান, হোয়াইট হাউসের উত্তর প্রাঙ্গণে ৩০টির বেশি গুলির শব্দ শোনা গেছে।

উল্লেখ্য, এর আগেও গত ২৬ এপ্রিল ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজ চলাকালে গুলির ঘটনা ঘটেছিল। এক মাস না পেরোতেই আবারও এমন ঘটনা ঘটল।

এনএফ৭১/একে



বিষয়:



Top