কোরবানির ঈদে ছুটি কমিয়ে ১ দিন করলো পশ্চিমবঙ্গ সরকার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১১:১৩ পিএম

সংগৃহীত

পশ্চিমবঙ্গের কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটিতে পরিবর্তন এনেছে রাজ্য সরকার। শনিবার (২৩ মে) জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার ঈদে একদিনই সরকারি ছুটি থাকবে।

এর আগে চলতি বছরের ছুটির তালিকায় কোরবানির ঈদের জন্য ২৬ ও ২৭ মে দুই দিনের ছুটি নির্ধারিত ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ মে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই এ পরিবর্তন আনা হয়েছে।

এদিকে প্রশাসনিক সূত্রে জানা গেছে, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। সরকারি দফতরে কাজের গতি বাড়াতে কর্মীদের হাজিরা ও শৃঙ্খলার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলেও জানা যায়।

ছুটি কমানোর এই সিদ্ধান্তকে ঘিরে সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, ভবিষ্যতে অন্যান্য দীর্ঘ ছুটির ক্ষেত্রেও কি একই ধরনের পরিবর্তন আসতে পারে।

সূত্র: পুবের কলম

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top