চার ঘণ্টার সফরে কলকাতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:৩৮ পিএম
চার ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা-এ এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার (২৩ মে) সকালে সস্ত্রীক তিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন।
সফরসূচি অনুযায়ী, তিনি শহরে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে সরাসরি দিল্লির উদ্দেশে রওনা দেবেন। কলকাতায় সংক্ষিপ্ত অবস্থান ঘিরে কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
সফরের অংশ হিসেবে রুবিও পরিদর্শন করবেন মাদার তেরেসা হাউস এবং একটি বেসরকারি এনজিও ভিক্টোরিয়া চিলড্রেন হোম। পরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ ১৪ বছর পর কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের কলকাতা সফর হওয়ায় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ২০১২ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কলকাতা সফর করেছিলেন।
আলোচনায় আরও রয়েছে, সফরের সময় পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী-র সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে গুঞ্জন। তবে কলকাতা পর্যায়ে এমন কোনো বৈঠক না থাকলেও দিল্লিতে তাদের সাক্ষাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আগামী ২৬ মে নয়াদিল্লিতে বসবে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বৈঠকে অংশ নেবেন ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে বৈশ্বিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি ও বাণিজ্যসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা।
কলকাতা ও দিল্লির পর রুবিওর সফরসূচিতে রয়েছে আগ্রা এবং জয়পুর। সেখানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
এর আগে তিনি সুইডেনে অনুষ্ঠিত ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক-এ অংশ নিয়ে সরাসরি ভারত সফরে আসেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
