পশ্চিমাদের সমকামিতার সমালোচনার পরই বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:৩৭ পিএম
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল-এ আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ওসমান সোনকো-কে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। একই সঙ্গে দেশটির পুরো সরকার ভেঙে দেওয়া হয়েছে।
শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে জারি করা এক অধ্যাদেশে এ ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে মন্ত্রিসভার সব সদস্যের দায়িত্বও শেষ হয়ে গেছে বলে জানানো হয়েছে।
সোনকো বরখাস্তের আগে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিতর্কে আসেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো অন্যান্য রাষ্ট্রের ওপর তাদের সামাজিক মূল্যবোধ, বিশেষ করে সমকামিতাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি সেনেগালে সমকামিতাসংক্রান্ত অপরাধের শাস্তি কঠোর করে একটি নতুন আইন পাস হওয়ার পর এই মন্তব্য আরও আলোচনায় আসে।
বরখাস্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোনকো লেখেন, “আলহামদুলিল্লাহ। আজ রাতে আমি কুয়ের গরগুইয়ে শান্তিতে ঘুমাব।” কুয়ের গরগুই তার নিজ এলাকা, যা রাজধানী ডাকারে অবস্থিত।
এএফপি’র তথ্য অনুযায়ী, বরখাস্তের খবরের পর মধ্যরাতে তার বাসার সামনে শত শত সমর্থক জড়ো হন।
ফায়ে ও সোনকোর রাজনৈতিক সম্পর্ক একসময় ঘনিষ্ঠ ছিল। তারা দুজনই পাস্তেফ পার্টি গড়ে তোলেন এবং ২০২৪ সালের নির্বাচনে দুর্নীতি দমন ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে তাদের মধ্যে সম্পর্ক তীব্রভাবে খারাপ হয়ে যায়।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ফায়ে সংবিধান অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে প্রধানমন্ত্রী বরখাস্ত ও সরকার ভেঙে দেওয়ার ক্ষমতা ব্যবহার করেছেন। নতুন প্রধানমন্ত্রী কে হবেন, তা এখনো ঘোষণা করা হয়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:
