দুই হাতেই এভারেস্ট জয়, ইতিহাস গড়লেন রুস্তাম নাবিয়েভ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:৩৪ পিএম
২০১৫ সালের ভয়াবহ দুর্ঘটনায় দুই পা হারিয়েছিলেন সাবেক রুশ প্যারাট্রুপার রুস্তাম নাবিয়েভ। তবে সেই দুর্ঘটনা তার জীবন থামিয়ে দিতে পারেনি। অদম্য সাহস, কঠোর পরিশ্রম ও প্রবল ইচ্ছাশক্তির জোরে এবার তিনি গড়লেন অনন্য ইতিহাস। কৃত্রিম পা ছাড়াই শুধুমাত্র দুই হাতের সাহায্যে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে চলমান বসন্তকালীন অভিযানের অংশ হিসেবে বুধবার, ২০ মে এভারেস্টের চূড়ায় পৌঁছান নাবিয়েভ। এর মাধ্যমে পা-বিহীন ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড গড়েন তিনি।
ঐতিহাসিক এই সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভারেস্টের চূড়ায় তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন নাবিয়েভ। ছবিতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য। রুস্তাম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬।”
নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, “২০ মে নেপালের সময় সকাল ৮টা ১৬ মিনিটে, পর্বতারোহণের ইতিহাসে প্রথমবারের মতো আমি শুধু আমার দুই হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। যতক্ষণ জীবিত আছেন, লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত লড়ুন, কারণ এর মূল্য আছে।”
এভারেস্ট বেস ক্যাম্পের মাঠ সমন্বয়কারী খিম লাল গৌতম আনাদোলু সংবাদ সংস্থাকে নাবিয়েভের এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফলভাবে শৃঙ্গে আরোহণের পর নাবিয়েভ এখন বেস ক্যাম্পে ফিরে আসছেন।
২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে দুই পা হারান নাবিয়েভ। কিন্তু হতাশ না হয়ে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলেন তিনি। পর্বতারোহণ ও বহিরাঙ্গণ অভিযানের মাধ্যমে তিনি হয়ে ওঠেন অসংখ্য মানুষের অনুপ্রেরণার প্রতীক।
নাবিয়েভের এই অসাধারণ অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই তার সাহস, ধৈর্য ও অদম্য মানসিকতার ভূয়সী প্রশংসা করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
