পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৫:০৭ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসি গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্বামীর গুরুতর অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আগামী ৩০ জুন ২০২৬ থেকে তার পদত্যাগ কার্যকর হবে। তার স্বামী আব্রাহাম উইলিয়ামস হাড়ের এক বিরল ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে স্বামীর পাশে থাকার জন্যই তিনি সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক বার্তায় তুলসি গ্যাবার্ডকে ধন্যবাদ জানান এবং তার সুস্থতা কামনা করেন। তিনি বলেন, তুলসি দায়িত্ব অত্যন্ত ভালোভাবে পালন করেছেন এবং তাকে অবশ্যই মিস করা হবে।

তিনি আরও জানান, তুলসি গ্যাবার্ডের পদত্যাগের পর জাতীয় গোয়েন্দা সংস্থার দায়িত্ব গ্রহণ করবেন বর্তমানে উপপ্রধান হিসেবে থাকা অ্যারন লুকাস।

তুলসি গ্যাবার্ড আগে ডেমোক্রেটিক দলের সঙ্গে যুক্ত থাকলেও ২০২২ সালে তিনি দল ত্যাগ করেন। পরে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানান এবং রিপাবলিকান দলে যোগ দেন। পরবর্তীতে ট্রাম্প প্রশাসনে তাকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ইরান ইস্যুতে সম্ভাব্য সামরিক হামলার বিরোধিতা করেন এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের নীতির সমালোচনা করেন। তার মতে, সময়মতো কূটনৈতিক সমাধান না হওয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।

মার্কিন বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনা এবং ইরানে সামরিক অভিযানের বিরোধিতাও করেছিলেন বলে জানা যায়। সূত্র: আরটি

এনএফ৭১/একে



বিষয়:



Top