ভারতের পর এবার পাকিস্তানে ‘তেলাপোকা’ আওয়ামী লীগ পার্টির আত্মপ্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৪:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ভারতে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল গঠনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। সেই প্রভাব এবার ছড়িয়ে পড়েছে প্রতিবেশী পাকিস্তানেও, যেখানে একই ধরনের নামে একাধিক নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানে অন্তত তিনটি দল বা অনলাইন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, যেগুলোর নামের সঙ্গে ‘তেলাপোকা’ শব্দটি যুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘তেলাপোকা আওয়ামী লীগ’, ‘তেলাপোকা আওয়ামী পার্টি’ এবং ‘মুত্তাহিদা তেলাপোকা আন্দোলন’।

এই সংগঠনগুলোর সামাজিক যোগাযোগমাধ্যম পাতায় দাবি করা হয়েছে, তারা তরুণদের রাজনৈতিক কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চায়। কিছু পাতার পরিচিতিতে লেখা রয়েছে, যারা সমাজব্যবস্থায় নিজেদের উপেক্ষিত মনে করেন, তাদের প্রতিনিধিত্ব করাই তাদের লক্ষ্য।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব পাতা নিজেদের পরিচিতিতে পাকিস্তানের রাজনৈতিক বাস্তবতার বাইরে একটি বিকল্প রাজনৈতিক অবস্থান তৈরির চেষ্টা করছে। পাশাপাশি বিভিন্ন পাতায় সবুজ ও সাদা রঙের নকশা ব্যবহার করা হয়েছে, যা পাকিস্তানের জাতীয় রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

ভারতে শুরু হওয়া এই ব্যঙ্গধর্মী রাজনৈতিক ধারণার সূত্রপাত ঘটে একটি মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে বেকার তরুণদের উদ্দেশে করা একটি তুলনামূলক মন্তব্যের প্রতিবাদে অনলাইনভিত্তিক একটি রাজনৈতিক উদ্যোগ গড়ে ওঠে। পরবর্তীতে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।

সেই ধারাবাহিকতায় পাকিস্তানে এসব অনলাইন সংগঠনের পাতা দ্রুত অনুসারী অর্জন করতে শুরু করেছে। কোনো কোনো পাতার পরিচিতিতে সরাসরি স্বীকার করা হয়েছে যে, তারা ভারতের ওই অনলাইন আন্দোলন থেকে অনুপ্রাণিত।

এখন পর্যন্ত এসব ব্যঙ্গাত্মক রাজনৈতিক পাতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, যা দুই দেশের নেট দুনিয়ায় নতুন বিতর্ক তৈরি করেছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top