জাতিসংঘের বিশেষ দূতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৫:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানেজ-এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। তবে এ সিদ্ধান্তে দেশটির নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন সাম্প্রতিক আদালতের রায়ের কারণে সাময়িকভাবে আলবানেজের নাম নিষিদ্ধ তালিকা থেকে সরিয়েছে। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে এবং সুযোগ পেলে তাকে আবারও নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, উচ্চ আদালত যদি নিম্ন আদালতের আদেশ বাতিল বা স্থগিত করে, তাহলে সরকার পুনরায় আলবানেজের নাম সেই তালিকায় ফিরিয়ে আনবে।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্প প্রশাসন আলবানেজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করেছিলেন। সেই তালিকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর নামও ছিল।

মানবাধিকার বিশেষজ্ঞ ফ্রান্সিসকা আলবানেজ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির সমালোচনা করে আসছেন। তিনি গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যার অভিযোগ তুলে একাধিক প্রতিবেদন প্রকাশ করেন।

ইতালীয় নাগরিক হলেও তার কন্যা যুক্তরাষ্ট্রের নাগরিক এবং দেশটিতে তার সম্পদও রয়েছে।

গত ফেব্রুয়ারিতে তার পরিবার ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে দেওয়ানি মামলা দায়ের করে। মামলায় বলা হয়, এই নিষেধাজ্ঞা আলবানেজের সাংবিধানিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে। নিষেধাজ্ঞার কারণে তিনি ব্যাংক হিসাব, আবাসন এবং যুক্তরাষ্ট্রসংশ্লিষ্ট আর্থিক সেবার সুবিধা হারান।

পরে ১৩ মে মার্কিন জেলা আদালতের বিচারক রিচার্ড লিওন বাদীপক্ষের পক্ষে রায় দেন এবং আলবানেজের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করে প্রাথমিক আদেশ জারি করেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top