চীন সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০১:৫৯ এএম

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন–এর সফরের পর এবার শেহবাজ শরিফ–এর চীন সফরের ঘোষণা এলো। আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চীন সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২১ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াং–এর আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চার দিনের সরকারি সফরে বেইজিং যাচ্ছেন। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০২৫ সালের আগস্টে চীন সফর করেছিলেন শেহবাজ শরিফ। সে সময় তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন–এর সম্মেলনে অংশ নেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ১২ থেকে ১৫ মে পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করেন। ওই সফরে শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, মধ্যপ্রাচ্য সংকট ও তাইওয়ান ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এর মাত্র চার দিনের মাথায় ১৯ মে দুই দিনের সফরে বেইজিং পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈশ্বিক ও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে বৈঠক করেন।

ট্রাম্প, পুতিন ও শেহবাজ শরিফের ধারাবাহিক সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনীতিতে আবারও গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বেইজিং।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top