ইরান যাচ্ছেন পাকিস্তান সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:১৫ পিএম

সংগৃহীত

পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা ও সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জেনারেল আসিম মুনির তেহরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট মজলিসের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ফিদা হুসেইন মালিকি।

লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিন–এর বরাতে মালিকি বলেন, “পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির আজ তেহরানে পৌঁছাচ্ছেন। তিনি ইরানি কর্মকর্তাদের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দেবেন।” তবে ওই বার্তার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এর আগে গত ১৮ মে মহসিন রাজা নাকভি তেহরান সফর করেন। ওই সফরে তিনি ইরান ও যুক্তরাষ্ট্র–এর মধ্যকার সংলাপে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেন বলে জানা গেছে। কয়েকদিন ধরে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশটির অবস্থান ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

ইসলামাবাদে ফেরার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি–র সঙ্গে বৈঠক করেন নাকভি। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া–র প্রতিবেদনে বলা হয়, তেহরান সফরের আলোচনার ফলাফল তিনি “সংশ্লিষ্ট সব পক্ষকে” অবহিত করেছেন।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে পাকিস্তান এখন আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করছে। আঞ্চলিক সংঘাত এড়াতে ইসলামাবাদ মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করেছে বলেও মনে করছেন তারা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top