ট্রান্স নারীদের জন্য ‘নারী শৌচাগার’ ব্যবহার নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৬:১৬ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে নারীদের শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ এবং ক্রীড়া দলে ট্রান্স নারীদের প্রবেশাধিকার সীমিত করার নতুন নির্দেশনা প্রকাশ করতে যাচ্ছে দেশটির সরকার।

সমতা বিষয়ক মন্ত্রী ব্রিজেট ফিলিপসন আজ বৃহস্পতিবার এই নির্দেশনা চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছে। এই নির্দেশনার মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো কীভাবে আইন অনুযায়ী কেবল নারীদের জন্য নির্ধারিত স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করবে, তা স্পষ্ট করা হবে।

মূলত গত বছর দেশটির সর্বোচ্চ আদালতের রায়ের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই রায়ে বলা হয়, সমতা আইনের আওতায় জন্মগতভাবে পুরুষ হিসেবে জন্ম নেওয়া ট্রান্স নারীদের আইনগতভাবে নারী হিসেবে গণ্য করা হবে না।

এই নির্দেশনা তৈরি করেছে সমতা ও মানবাধিকার কমিশন। এটি গত বছরের সেপ্টেম্বর মাসে মন্ত্রীর কাছে জমা দেওয়া হলেও চূড়ান্ত করতে কিছু সংশোধনের অনুরোধ জানানো হয়েছিল।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নারীদের জন্য নির্ধারিত স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ট্রান্স সম্প্রদায়ের মানুষদের জন্যও বিকল্প ব্যবহারের সুযোগ রাখার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

নারী অধিকার বিষয়ক কিছু সংগঠন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, সরকারি নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন, যাতে প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে নীতি অনুসরণ করতে পারে।

এই নির্দেশনা কার্যকর হলে তা সরকারি দপ্তর, জাতীয় স্বাস্থ্য সেবা, পুলিশ, কারাগার, হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হলসহ সাধারণ জনগণকে সেবা দেওয়া সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এমনকি কেয়ার হোম ও বেসরকারি বিনোদন কেন্দ্রগুলোকেও এই নীতি মানতে হবে। সূত্র: দ্য টেলিগ্রাফ

এনএফ৭১/একে



বিষয়:



Top