বাংলাসহ ৩৫ ভাষায় সরাসরি প্রচার হবে হজের খুতবা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৩:৩৬ এএম
হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতি বছর আরাফার ময়দান থেকে প্রচারিত হজের খুতবা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আবেগঘন একটি আয়োজন হিসেবে বিবেচিত হয়। বিশ্বের কোটি কোটি মুসলমান গভীর আগ্রহ নিয়ে এই খুতবা অনুসরণ করেন।
প্রযুক্তির অগ্রগতির ফলে এখন হজের খুতবা শুধু মক্কা বা আরাফার ময়দানে সীমাবদ্ধ থাকছে না। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ নিজেদের মাতৃভাষায় সরাসরি এই খুতবা শোনার সুযোগ পাচ্ছেন।
চলতি বছরের হজ উপলক্ষে এ উদ্যোগ আরও বিস্তৃত করেছে দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক সাধারণ প্রেসিডেন্সি। এবার হজের মূল খুতবা বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ ও সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল মাধ্যমে বিশ্বব্যাপী এই খুতবা সরাসরি প্রচার করা হবে।
দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবায় সৌদি আরবের ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজের ঐতিহাসিক খুতবা মসজিদে নামিরাহ থেকে প্রদান করবেন শায়খ আলী হুজাইফি।
যেসব ভাষায় খুতবা অনুবাদ ও সম্প্রচার করা হবে, তার মধ্যে রয়েছে বাংলা, ফরাসি, ইন্দোনেশীয়, উর্দু, তুর্কি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রুশ, হিন্দি, মালয়, সোমালি, পশতু, পাঞ্জাবি, তামিল, বসনিয়ান, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, সুইডিশ, নেপালি, সিংহলি ও মালয়ালমসহ আরও বিভিন্ন ভাষা।
এ উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা নিজেদের ভাষায় হজের খুতবা শুনে সহজেই তা অনুধাবন করতে পারবেন। এতে হজের শিক্ষা, দিকনির্দেশনা এবং ইসলামের সার্বজনীন বার্তা আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে বাংলাভাষী মুসলমানদের জন্য এটি হজের খুতবা মাতৃভাষায় সরাসরি শোনা ও বোঝার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:
