দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গ্রাহকের হাতে পৌঁছাচ্ছে ‘ট্রাম্প মোবাইল’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:১৬ এএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবারের উদ্যোগে তৈরি ‘ট্রাম্প মোবাইল’। প্রায় এক বছর আগে ট্রাম্প পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন ফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছিল।

গত বছরের জুনে প্রতিষ্ঠানটি জানায়, আগস্ট মাস থেকেই গ্রাহকদের হাতে ফোনটি পৌঁছে দেওয়া হবে। সে সময় আগ্রহী ক্রেতাদের কাছ থেকে একশ ডলার করে জামানত নেওয়া হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফোনটির বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।

অবশেষে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকেই স্বর্ণখচিত ট্রাম্প ফোন গ্রাহকদের কাছে পৌঁছানো শুরু হবে। ফোনটির নাম রাখা হয়েছে ‘ট্রাম্প মোবাইল টি-ওয়ান’। এর দাম নির্ধারণ করা হয়েছে চারশ নিরানব্বই ডলার।

বিশ্লেষকদের মতে, ফোনটির নকশা ও বাহ্যিক অবয়ব অনেকটাই চীনে তৈরি একটি জনপ্রিয় মোবাইলের সঙ্গে মিল রয়েছে। বাজারে ওই ধরনের ফোন তুলনামূলক কম দামে বিক্রি হয় বলেও জানা গেছে।

তবে ফোন সরবরাহের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। যারা আগে জামানত দিয়ে অগ্রিম বুকিং করেছিলেন, তারা সবাই ফোনটি পাবেন—এমন নিশ্চয়তা নেই। নতুন শর্ত অনুযায়ী, জামানত জমা দেওয়া মানেই ফোন পাওয়ার নিশ্চয়তা নয়।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প অর্গানাইজেশন জানায়, যারা আগে বুকিং করেছিলেন তারা শিগগিরই হালনাগাদ তথ্য পাবেন এবং চলতি সপ্তাহেই সরবরাহ প্রক্রিয়া শুরু হবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট ও’ব্রায়েন জানান, গুণগত মান নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে ফোনটির বিভিন্ন দিক পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, ব্যাপক চাহিদার কারণে ধাপে ধাপে গ্রাহকদের কাছে ফোন পৌঁছে দেওয়া হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের ভাষ্য, নতুন একটি মোবাইল বাজারে আনতে সাধারণত দীর্ঘ সময় লাগে। সফটওয়্যার প্রস্তুত করা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা এবং বিভিন্ন কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতেই অনেক সময় ব্যয় হয়।

এদিকে ট্রাম্প ফোন নিয়ে নানা সমালোচনাও দেখা দিয়েছে। শুরুতে ফোনটির প্রচারণায় ‘যুক্তরাষ্ট্রে তৈরি’ দাবি করা হলেও পরে সেই অবস্থান থেকে সরে আসে ট্রাম্প অর্গানাইজেশন। পরবর্তীতে তারা জানায়, মার্কিন মূল্যবোধ মাথায় রেখেই ফোনটি তৈরি করা হয়েছে।

সমালোচকদের দাবি, ফোনটির নকশা ও বৈশিষ্ট্যের সঙ্গে চীনে তৈরি অন্য একটি মোবাইলের ব্যাপক মিল রয়েছে। এছাড়া একজন বর্তমান প্রেসিডেন্টের নাম ব্যবহার করে বাণিজ্যিক পণ্য বাজারজাত করা কতটা নৈতিক, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

যদিও ফোনটির বিপণনের সঙ্গে সরাসরি যুক্ত নন ডোনাল্ড ট্রাম্প। এ কার্যক্রম পরিচালনা করছেন তার দুই ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

ফোনটির তথ্য ও কলসেবার মূল্য নির্ধারণ করা হয়েছে সাতচল্লিশ ডলার পঁয়তাল্লিশ সেন্ট, যা যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম ও সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অবস্থানকে বিশেষভাবে তুলে ধরার উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top