হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ, যা জানা গেল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০১:৫৬ এএম

ছবি: সংগৃহীত
 

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কেশম দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৯ মে) এ ঘটনায় সাময়িক উদ্বেগ তৈরি হলেও পরে ইরান জানিয়েছে, এটি কোনো হামলা নয়।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধার হওয়া শত্রুপক্ষের পুরোনো ও অবিস্ফোরিত গোলাবারুদ পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় করার সময় এই বিস্ফোরণের শব্দ হয়।

এর আগে মেহর নিউজ এজেন্সি বিস্ফোরণের খবর প্রকাশ করলেও তখন পর্যন্ত ঘটনার কারণ স্পষ্ট ছিল না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির পর থেকেই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে এমন বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়।

এদিকে ঘটনার একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনে নতুন শান্তি প্রস্তাব পাঠানোর পর ইরানের ওপর পূর্বপরিকল্পিত বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে নতুন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পুনরায় সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স



বিষয়:



Top