ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৮:৩১ পিএম
ইরানের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। মঙ্গলবার (১৯ মে) তেহরানে দায়িত্ব নিতে যাওয়ার আগে ইরানে নিযুক্ত পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দার দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে বাণিজ্য, যোগাযোগ, জনগণের পারস্পরিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ইসহাক দার বলেন, “ঘনিষ্ঠ সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দুই দেশের সম্পর্কের ইতিবাচক ধারা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সংলাপ প্রতিষ্ঠায় পাকিস্তান দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করে যাচ্ছে। নতুন রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী ইরান-পাকিস্তান সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে রাষ্ট্রদূতকে শুভকামনাও জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে, একই দিনে ইসলামাবাদে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনের ফাঁকে পাকিস্তানে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত শাফকাত আলী খানের সঙ্গেও বৈঠক করেন ইসহাক দার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন দার। বিশেষ করে ইউএইতে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের ইতিবাচক অবদানের প্রশংসা করেন তিনি এবং তাদের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এ ছাড়া, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বানও জানান তিনি।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
এনএফ৭১/ওতু
বিষয়:
