যুক্তরাষ্ট্রকে ইরানের গোপন প্রস্তাব ফাঁস, কী আছে ভেতরে?
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৭:০৯ পিএম
যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের একটি সংশোধিত প্রস্তাব ফাঁস হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এই তথ্য সংগ্রহ করে কয়েকটি অংশ প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরান শর্তসাপেক্ষে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে পাঠাতে রাজি হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। তবে তেহরান স্পষ্ট করেছে, তারা তা যুক্তরাষ্ট্রে না পাঠিয়ে রাশিয়ার কাছেই পাঠাতে চায়, তবে এর জন্য থাকবে নির্দিষ্ট শর্ত।
প্রস্তাবে আরও বলা হয়েছে, ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখতে পারে, তবে এটি স্থায়ীভাবে বন্ধ করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে সম্পূর্ণভাবে পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে হবে।
সংশোধিত প্রস্তাবে ইরান আরও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দাবি করবে না। এর পরিবর্তে তারা অর্থনৈতিক ছাড় চায়।
ইরানি আলোচকদের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান মোট চৌদ্দ দফা নতুন প্রস্তাব পাঠিয়েছে, যার মূল লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থা তৈরি করা।
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে ইরানে অবস্থান করছেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তিনি তেহরান সফরে যান এবং তার সফর তৃতীয় দিনেও বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যেই ইরানের এই নতুন প্রস্তাবের খবর সামনে এলো। সূত্র: আল-আরাবিয়া
এনএফ৭১/একে
বিষয়:
