সমুদ্রের নিচের গুহায় পাওয়া গেল নিখোঁজ চার ইতালীয়র মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৪:৪৪ পিএম
মালদ্বীপের একটি প্রবালদ্বীপের পানির নিচের গুহায় নিখোঁজ চার ইতালীয় ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার চার দিন পর তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়।
মালদ্বীপ সরকারের বরাতে দ্য গার্ডিয়ান সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ফিনল্যান্ডের তিনজন অভিজ্ঞ ডুবুরি, মালদ্বীপ পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় গুহার গভীর অংশে মরদেহগুলো পাওয়া যায়।
সরকারি মুখপাত্র আহমেদ শাম জানান, ধারণা করা হচ্ছে মরদেহগুলো গুহার সবচেয়ে গভীর অংশে অবস্থান করছিল। গুহার তৃতীয় স্তরে চারজনকে পাশাপাশি পাওয়া যায়।
তিনি আরও জানান, মঙ্গলবার দুইজনের মরদেহ উদ্ধার করা হবে এবং পরদিন বাকি দুইজনের মরদেহ উদ্ধারের পরিকল্পনা রয়েছে।
এর আগে গুহার বাইরে পঞ্চম এক ইতালীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছিলেন একজন ডুবুরি প্রশিক্ষক।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ভাভু অ্যাটলের একটি গুহায় প্রায় পঞ্চাশ মিটার গভীরে পাঁচজন অনুসন্ধানে নেমেছিলেন। কিন্তু মালদ্বীপে বিনোদনমূলক ডুব দেওয়ার অনুমোদিত গভীরতা সর্বোচ্চ ত্রিশ মিটার।
উদ্ধার অভিযানের সময় মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য মোহাম্মদ মাহুদি পানির নিচে চাপজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়।
পরে রোববার গভীর সমুদ্র ও গুহা ডুব বিষয়ে অভিজ্ঞ তিন ফিনল্যান্ডের বিশেষজ্ঞ মালদ্বীপে পৌঁছান এবং আবারও উদ্ধার অভিযান শুরু হয়।
খারাপ আবহাওয়ার কারণে একাধিকবার উদ্ধার কাজ ব্যাহত হয়। তবে আগের অনুসন্ধান দল গুহার প্রবেশপথ শনাক্ত করেছিল। ডুবুরিদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো তদন্তাধীন রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
