ইরানে নতুন হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প, নেপথ্যে যে কারণ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৩:২২ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার তিনি ইরানে বড় ধরনের নতুন সামরিক হামলার পরিকল্পনা করেছিলেন। তবে যুদ্ধ বন্ধে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি সেই পরিকল্পনা থেকে সরে আসেন।
ট্রাম্প বলেন, উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর অনুরোধেও তিনি হামলার সিদ্ধান্ত স্থগিত করেন। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করলে ওই অঞ্চলের দেশগুলোতে পাল্টা হামলার হুমকি দেয় ইরান। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে রয়েছে।
তিনি আরও জানান, যুদ্ধ থেকে বেরিয়ে আসার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন। তবে ইরান তার দেওয়া চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করায় মঙ্গলবার নতুন করে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাকে অনুরোধ করেছে যেন তিনি হামলার পরিকল্পনা আপাতত বন্ধ রাখেন। একই সঙ্গে সমঝোতায় পৌঁছাতে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলেও তিনি জানান।
তবে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে তিনি সম্ভাব্য বড় হামলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। যদি চুক্তি না হয়, তাহলে যেকোনো মুহূর্তে হামলার জন্য সেনারা প্রস্তুত থাকবে।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরদিনই তিনি সতর্ক করে বলেন, ইরানের রাজধানী তেহরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে দেশটির শীর্ষ নেতৃত্ব পিছু হটতে প্রস্তুত। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সোমবার ইরানের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান।
এনএফ৭১/একে
বিষয়:
