যুক্তরাষ্ট্রে মসজিদে ভয়াবহ বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি মসজিদ ও শিক্ষা কেন্দ্র কমপ্লেক্সে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। পরে হামলায় জড়িত দুই বন্দুকধারীকেও মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে।

সান ডিয়েগো পুলিশের প্রধান স্কট ওয়াহল জানিয়েছেন, হামলার স্থানটি একটি ইসলামিক কেন্দ্র হওয়ায় ঘটনাটি বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পুলিশ জানায়, সন্দেহভাজন দুই হামলাকারীর বয়স ১৭ ও ১৯ বছর। নিহতদের মধ্যে কেন্দ্রটির এক নিরাপত্তারক্ষীও রয়েছেন। কর্তৃপক্ষ বলছে, তার সাহসী ভূমিকার কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত তিনজনই প্রাপ্তবয়স্ক। কেন্দ্রটির বিদ্যালয়ে অবস্থান করা কোনো শিশু শারীরিকভাবে আহত হয়নি। হামলার পরপরই শহরজুড়ে সক্রিয় বন্দুকধারী সতর্কতা জারি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় পুলিশ।

ইসলামিক কেন্দ্রটির ইমাম তাহা হাসানি বলেন, এই কেন্দ্রটি প্রার্থনা, শিক্ষা ও সামাজিক সম্প্রীতির স্থান। উপাসনালয়কে লক্ষ্য করে এমন হামলা অত্যন্ত নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, শহরে বিদ্বেষ ও সহিংসতার কোনো স্থান নেই। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা আরও জোরদারের আশ্বাসও দেন তিনি।

এদিকে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে নিন্দার ঝড় উঠেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে ভয়াবহ আখ্যা দিয়ে দ্রুত ও গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় জানিয়েছে, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঘটনার পর নিউইয়র্ক পুলিশও শহরের বিভিন্ন মসজিদের নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে। যদিও এখন পর্যন্ত সেখানে কোনো নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনএফ৭১/একে



বিষয়:



Top