যুক্তরাষ্ট্রকে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০১:৫১ এএম
যুদ্ধ বন্ধ ও পারস্পরিক আস্থা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে এই কূটনৈতিক প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরানের ঘনিষ্ঠ সূত্র।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, এর আগে যুক্তরাষ্ট্রও ইরানের কাছে ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাবের জবাবে কিছু সংশোধনী এনে এবার নিজেদের অবস্থান তুলে ধরেছে তেহরান।
সূত্র মতে, পাকিস্তান এই বার্তা আদান-প্রদানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং নতুন প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
নতুন প্রস্তাবে যুদ্ধবিরতি, উত্তেজনা হ্রাস এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আস্থা তৈরির বাস্তব পদক্ষেপ গ্রহণের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বৈরিতার মধ্যেও উভয় দেশ পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে নতুন এই প্রস্তাব বিনিময়কে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সূ্ত্র: রয়টার্স
এনএফ৭১/ওতু
বিষয়:
