পারমাণবিক অস্ত্র মোতায়েনের মহড়া শুরু করেছে বেলারুশ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০১:৪৮ এএম
রাশিয়ার মিত্র দেশ বেলারুশ জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী মাঠপর্যায়ে পারমাণবিক অস্ত্র মোতায়েন সংক্রান্ত সামরিক মহড়া শুরু করেছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় পরিচালিত এই মহড়ায় পারমাণবিক অস্ত্র পরিবহন, মোতায়েন এবং সম্ভাব্য ব্যবহারের প্রস্তুতি নিয়ে অনুশীলন করা হবে।
বেলারুশের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সক্ষমতা যাচাই এবং সেনাবাহিনীর প্রস্তুতি মূল্যায়নই এই মহড়ার মূল উদ্দেশ্য।
বিবৃতিতে আরও বলা হয়, গোপন চলাচল, দীর্ঘ দূরত্ব অতিক্রম এবং সামরিক সরঞ্জাম ব্যবহারের কৌশলগত অনুশীলনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাশিয়া, ইউক্রেন এবং ন্যাটোর তিন সদস্য রাষ্ট্রের সঙ্গে সীমান্ত থাকা বেলারুশ ইউক্রেন যুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক নজরদারির কেন্দ্রে রয়েছে।
২০২৩ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র নিজেদের ভূখণ্ডে মোতায়েনের অনুমতি দেন। তবে এসব অস্ত্র ব্যবহারের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতেই থাকবে বলে স্পষ্ট করে দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেন যুদ্ধ চলাকালে পুতিন একাধিকবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার বিষয়টি সামনে এনেছেন। পশ্চিমা দেশগুলো একে ইউক্রেনে আরও সরাসরি হস্তক্ষেপ থেকে বিরত থাকার পরোক্ষ সতর্কবার্তা হিসেবে দেখছে।
সম্প্রতি পুতিন ঘোষণা দেন, চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া নতুন প্রজন্মের ‘সারমাত’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে এবং দেশটির পারমাণবিক বাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে।
তবে বেলারুশ সরকার দাবি করেছে, বর্তমান সামরিক মহড়া কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না।
সূত্র: রয়টার্স
এনএফ৭১/ওতু
বিষয়:
