চীনা জাহাজে রাশিয়ার ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:৪১ এএম
ইউক্রেনের ওডেসা অঞ্চলের বন্দরের দিকে যাওয়ার পথে কৃষ্ণসাগরে দুটি বেসামরিক জাহাজে রাশিয়ার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ছিল চীনা মালিকানাধীন কার্গো জাহাজ। ঘটনাটি ঘটেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরের ঠিক আগের দিন, যেখানে তার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানায়, হামলার শিকার দুটি জাহাজের মধ্যে একটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং অন্যটি গিনি-বিসাউয়ের পতাকাবাহী ছিল। দুটি জাহাজই ওডেসা অঞ্চলের বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল।
ইউক্রেনীয় নৌবাহিনীর তথ্য অনুযায়ী, চীনা মালিকানাধীন জাহাজটির নাম ‘KSL DeYang’। এটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী হলেও এতে চীনা ক্রু ছিল। প্রকাশিত ছবিতে জাহাজটির এক পাশে আগুনে পোড়া ক্ষতচিহ্ন দেখা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ড্রোন হামলায় ওডেসা লক্ষ্যবস্তু হয় এবং চীনের মালিকানাধীন একটি জাহাজে আঘাত লাগে। তিনি দাবি করেন, রুশ বাহিনী নিশ্চিতভাবেই জানত যে জাহাজটি সেখানে অবস্থান করছিল।
ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক জানান, হামলার সময় জাহাজটির সব ক্রুই ছিলেন চীনা নাগরিক এবং সৌভাগ্যবশত কেউ আহত হননি। হামলার পরও জাহাজটি তার গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখে।
সূত্র অনুযায়ী, জাহাজটি তখন খালি অবস্থায় ছিল এবং ইউক্রেনের পিভদেননি বন্দরে লোহা আকরিক বোঝাই করার জন্য যাচ্ছিল।
এদিকে জেলেনস্কি আরও জানান, একই রাতে রাশিয়া ইউক্রেনজুড়ে ৫২৪টি ড্রোন ও ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছিল।
চীন দীর্ঘদিন ধরে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান জানালেও ২০২২ সালে রাশিয়ার আক্রমণের সরাসরি নিন্দা করেনি এবং নিজেদের নিরপেক্ষ অবস্থানে থাকার দাবি করে আসছে।
সূত্র: আল-জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:
