ওমান সাগর মার্কিন বাহিনীর কবরস্থান হবে, ইরানের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৬:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের বন্দরগুলোতে আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নীতিনির্ধারণী পর্ষদ এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য এবং রেভল্যুশনারি গার্ডসের সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি। একই সঙ্গে তিনি দাবি করেন, যেকোনো ধরনের সামরিক সংঘাত মোকাবিলায় ইরানের বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে মোহসেন রেজায়ি বলেন, ‘আমরা মার্কিন সামরিক বাহিনীকে বলছি, ওমান সাগরে তাদের কবরস্থান হওয়ার আগেই এই অবরোধ শেষ করা উচিত।’

তিনি এই অবরোধকে একটি যুদ্ধমুখী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তেহরানের অধিকার।

রেজায়ি আরও বলেন, ‘এই অবরোধ যত দীর্ঘায়িত হবে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ক্ষতির পরিমাণ ততই বাড়তে থাকবে।’

চলমান পরিস্থিতি ও সম্ভাব্য আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে তারা নির্ভরযোগ্য একটি পক্ষ।

তার ভাষায়, ‘এখন যুক্তরাষ্ট্রকেই নিজেকে প্রমাণ করতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে, একই সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়াও চলমান আছে।’

গত তেরো এপ্রিল থেকে ইরানের ওপর এই নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তাদের শর্তে শান্তিচুক্তি না মানা পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে।

তবে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনো ধরনের চাপের কাছে মাথা নত করবে না।

এনএফ৭১/একে



বিষয়:



Top