মাঝ আকাশে ২ মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৫:০৮ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বিমান প্রদর্শনী চলাকালে আকাশে দুইটি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পরপরই বিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।

ঘটনার সময় দুই বিমানের পাইলট ও ক্রুরা দ্রুত প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

রবিবার মাউন্টেন হোম বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত একটি সামরিক বিমান প্রদর্শনীর সময় এই দুর্ঘটনা ঘটে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঘাঁটির উত্তর-পশ্চিম দিকে প্রায় দুই মাইল দূরে বিমান দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং বিষয়টি তদন্তে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুইটি ইএ ১৮জি গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে এই সংঘর্ষ ঘটে। বিমানে থাকা চারজন ক্রুই সময়মতো ইজেক্ট করে প্রাণে রক্ষা পান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে সংঘর্ষের পর বিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং মাটিতে আঘাত লাগার সঙ্গে সঙ্গেই বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপর কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে চারটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র জানান, দুর্ঘটনাকবলিত বিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটিভিত্তিক ছিল।

দুর্ঘটনার পর পুরো বিমান প্রদর্শনী বাতিল করা হয় এবং সামরিক ঘাঁটিতে সাময়িকভাবে লকডাউন জারি করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top