সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০২:৩২ পিএম
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব-এ ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আগামী ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস।
রোববার দেশটির চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে দুই পবিত্র মসজিদভিত্তিক বিভিন্ন সূত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।
ঘোষণা অনুযায়ী, রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় রাত থেকেই নতুন মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে আগামী ২৭ মে দেশটিতে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এর আগে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিশিয়া-সহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। এসব দেশের অধিকাংশেই আগামী ২৭ মে ঈদ উদযাপিত হবে।
তবে প্রতিবেশী ব্রুনেই জানিয়েছে, দেশটির আকাশে জিলহজের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
এদিকে আফগানিস্তান-ও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রোববার এ তথ্য নিশ্চিত করেছে।
এনএফ৭১/একে
বিষয়:
