কুরবানির ঈদের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০১:৩২ এএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ামালয়েশিয়া। দেশ দুটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র কুরবানির ঈদ উদযাপিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে সোমবার (১৮ মে) থেকে শুরু হবে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

অন্যদিকে তুরস্ক খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে আগেই ঈদের তারিখ নির্ধারণ করেছে। দেশটির পূর্বনির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। ইসলামি বিধান অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা পালিত হয়।

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ চাঁদ দেখা গেলে এসব দেশেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। চাঁদ দেখার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।

সূত্র: গালফ নিউজ



বিষয়:



Top