ইরানে হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:০৭ পিএম

সংগৃহীত

আগামী সপ্তাহের মধ্যেই ইরানে আবারও হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দুইজন কর্মকর্তা।

স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) ওই কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানান, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানে আগের চেয়ে আরও তীব্র বোমাবর্ষণ করা হবে। এতে সামরিক স্থাপনার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। পাশাপাশি ইরানের মূল ভূখণ্ডে কমান্ডো পাঠিয়ে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সংগ্রহের বিষয়েও আলোচনা চলছে।

তবে ওই ইউরেনিয়াম সংগ্রহ অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বড় ধরনের হতাহতের আশঙ্কা রয়েছে। এ ধরনের অভিযানে কয়েক হাজার সেনার সহায়তা প্রয়োজন হতে পারে এবং ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষের সম্ভাবনাও রয়েছে।

ইসরায়েলের চ্যানেল-১২-কে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, যুদ্ধ অত্যাসন্ন ধরে নিয়ে প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপরও পরিস্থিতির অগ্রগতি নির্ভর করছে।

ওই কর্মকর্তা আরও বলেন, “আমেরিকানরা বুঝতে পেরেছে ইরানের সঙ্গে আলোচনায় কোনো সমাধান আসবে না। আমরা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

এর আগে চীন সফর থেকে ফেরার পথে ট্রাম্প বলেছিলেন, ইরান যদি ২০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়, তবে তিনি বিষয়টি বিবেচনা করবেন। এর আগে তিনি চেয়েছিলেন ইরান স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক।

সূত্র: নিউইয়র্ক টাইমস

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top