চীন সফরে যাচ্ছেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:৩৪ এএম
ভ্লাদিমির পুতিন আগামী ১৯ থেকে ২০ মে সরকারি সফরে চীন যাচ্ছেন। ক্রেমলিন জানিয়েছে, সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করবেন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা “সমগ্র অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার” লক্ষ্যে বৈঠকে বসবেন।
সফরকালে পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। সেখানে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক গুরুত্ব পাবে বলে জানা গেছে।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২০০১ সালে স্বাক্ষরিত ‘গুড-নেইবারলিনেস অ্যান্ড ফ্রেন্ডলি কো-অপারেশন’ চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। চুক্তিটি রাশিয়া-চীন সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
পুতিনের এই সফরের ঘোষণা এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেইজিং সফর শেষ করেছেন। যদিও সেই সফরে বাণিজ্যিক সমঝোতার কথা বলা হলেও তাইওয়ান ইস্যু বা ইরান যুদ্ধ নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে চীনের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। চীন আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থানের কথা বললেও, যুদ্ধ শুরুর আগে ঘোষিত শি-পুতিনের “নো লিমিটস” অংশীদারত্ব নিয়ে পশ্চিমা বিশ্বে প্রশ্ন রয়েছে।
পশ্চিমা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, চীনা কিছু প্রতিষ্ঠান রাশিয়ার ড্রোন উৎপাদনে সহায়তা দিচ্ছে। তবে চীন এসব অভিযোগ অস্বীকার করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
