তামিলনাড়ুর সচিবালয়ে ‘সাদা তোয়ালে’ প্রথা বাদ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:১৯ এএম

সংগৃহীত

তামিলনাড়ুর সচিবালয়ে বহু দশকের পুরোনো একটি রীতি ছিল—বড় কর্মকর্তাদের চেয়ারের ওপর সাদা তোয়ালে ব্যবহার। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই প্রথাকে অনেকেই প্রশাসনিক দূরত্ব ও ক্ষমতার প্রতীক হিসেবে দেখে আসছিলেন।

তবে এবার সেই রীতিতে পরিবর্তন আনতে দেখা গেছে নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন প্রশাসনিক বৈঠকে অংশ নিচ্ছেন এবং তাঁর দপ্তরের সাম্প্রতিক ছবিগুলোতে চেয়ারের ওপর আর সাদা তোয়ালে দেখা যায়নি।

ঘটনার সূত্রপাত হয় সমাজকর্মী লিসিপ্রিয়া কাঞ্জুগাম-এর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকে। তিনি দাবি করেন, সরকারি দপ্তরে এই রীতি ঔপনিবেশিক মানসিকতার প্রতীক এবং এটি বন্ধ করার আহ্বান জানান।

এরপর ১৪ মে সচিবালয়ে একাধিক বৈঠকের ছবি প্রকাশ হলে দেখা যায়, মুখ্যমন্ত্রীর চেয়ারে আর কোনো সাদা কাপড় নেই। বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকে এটিকে “প্রতীকী কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন” হিসেবে দেখছেন।

যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা বিবৃতি দেওয়া হয়নি। তবুও প্রশাসনিক সংস্কৃতিতে এটি একটি নতুন বার্তার ইঙ্গিত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।

ইতিহাসবিদদের মতে, ঔপনিবেশিক আমলে উচ্চপদস্থ কর্মকর্তাদের আলাদা মর্যাদা বোঝাতে এই ধরনের রীতি চালু হয়েছিল, যা স্বাধীনতার পরও অনেক ক্ষেত্রে রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে এই পরিবর্তনকে প্রশাসনিক সংস্কারের একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: জি নিউজ, হিন্দুস্তান টাইমস

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top