ইরান যুদ্ধ ঘিরে বাজেট সংকটে মার্কিন নৌবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:১৬ এএম
মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডল জানিয়েছেন, ইরানকে ঘিরে চলমান সামরিক পরিস্থিতির কারণে বাহিনীর বাজেটে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। ফলে দ্রুত সম্পূরক বাজেট অনুমোদন না হলে জুলাই মাস থেকে নৌবাহিনীকে কার্যক্রম সীমিত করতে হতে পারে।
তিনি আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে বলেন, প্রশিক্ষণ, সনদপত্র ও মানবসম্পদ কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য আগামী দুই মাসের মধ্যে অতিরিক্ত অর্থ বরাদ্দ জরুরি।
অ্যাডমিরাল কডলের দাবি অনুযায়ী, জ্বালানি, রক্ষণাবেক্ষণ, পরিচালন ব্যয় এবং গোলাবারুদের খরচ দ্রুত বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তার মতে, পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতিই এই ব্যয়ের প্রধান কারণ।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারও স্বীকার করেছেন, বিভিন্ন সামরিক চাপ ও হামলার পরও ইরানের এখনো উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা রয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের নৌচলাচল পরিস্থিতিতে ইরান প্রভাব ফেলতে সক্ষম।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে।
সূত্র: পার্সটুডে
এনএফ৭১/ওতু
বিষয়:
