বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে যাওয়ার সতর্কবার্তা ভারতের সেনাপ্রধানের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম

ছবি: সংগৃহীত

ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে লক্ষ্য করে কঠোর সামরিক বার্তা দেওয়া হয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান যদি তাদের ভূখণ্ডে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন তৎপরতা বন্ধ না করে, তাহলে দেশটির ভবিষ্যৎ অস্তিত্ব নিয়েই প্রশ্ন তৈরি হতে পারে।

শনিবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, পাকিস্তান যদি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা নিজেদের রাষ্ট্রীয় অবস্থান ধরে রাখতে পারবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, সীমান্তে আবারও ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে তিনি স্পষ্ট করেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না ভারত।

ভারতীয় সেনাপ্রধানের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা এবং অতীত সামরিক সংঘাত নিয়ে দুই দেশের সম্পর্ক আবারও সংবেদনশীল অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে কাশ্মীরের পাহালগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা তৈরি হয়। ওই সময় দুই দেশের মধ্যে টানা সংঘর্ষ ও আকাশ যুদ্ধের পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণে আসে।



বিষয়:



Top