চীনের দেয়া সব উপহার ফেলে দিলেন ট্রাম্প

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:০১ পিএম

সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষে প্রতিনিধি দলের সদস্যরা চীনা কর্মকর্তাদের দেওয়া সব সামগ্রী ফেলে দিয়েছেন বলে জানা গেছে। এসব সামগ্রীর মধ্যে ছিল পরিচয়পত্র, বার্নার ফোন এবং বিশেষ পিন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে প্রতিনিধি দলের সদস্যদের কাছ থেকে এসব সামগ্রী সংগ্রহ করে একটি বিনে ফেলে দেওয়া হয়। চীনা কর্মকর্তাদের দেওয়া কোনো কিছুই বিমানে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার বেইজিং থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন ট্রাম্প। বিদায়ের সময় উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এসময় স্কুলশিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নেড়ে ট্রাম্পকে বিদায় জানায়। বিমানে ওঠার আগে ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে সমর্থকদের উদ্দেশে ইশারা করেন।

তিন দিনের সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে দুই নেতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে একমত হন। একই সঙ্গে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন ট্রাম্প।

তবে সফর শেষে বড় ধরনের কোনো বাণিজ্যিক অগ্রগতি বা ইরান যুদ্ধ নিয়ে চীনের সুনির্দিষ্ট সহযোগিতার ঘোষণা আসেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তাইওয়ান ইস্যুতেও বৈঠকের আড়ালে সতর্ক বার্তা দিয়েছেন শি জিনপিং।

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ মে ভ্লাদিমির পুতিন চীন সফরে যেতে পারেন। যদিও চীন ও রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে সফরের তারিখ নিশ্চিত করেনি।

সূত্র: দ্য ডেইলি এক্সপ্রেস

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top