শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তাইওয়ানকে ট্রাম্পের কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০২:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা সমর্থনযোগ্য নয় এবং এমন কোনো পদক্ষেপ আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।

বেইজিংয়ে অনুষ্ঠিত দুই দিনের শীর্ষ বৈঠক শেষে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি কোনো পক্ষের স্বাধীনতা ঘোষণাকে সমর্থন করেন না। একই সঙ্গে তিনি জানান, তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

তাইওয়ানকে ঘিরে বহু বছর ধরেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন চলছে। বেইজিং স্বশাসিত দ্বীপটিকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারিও দিয়ে থাকে। অন্যদিকে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না করলেও দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হোক তা তিনি চান না। তার ভাষায়, সংঘাতে জড়াতে হলে যুক্তরাষ্ট্রকে হাজার হাজার মাইল দূরে যেতে হবে। তিনি বরং অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে শি জিনপিং সতর্ক করে দিয়েছেন—তাইওয়ান ইস্যু সঠিকভাবে সামাল না দেওয়া হলে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া বাড়িয়েছে চীন। এতে অঞ্চলজুড়ে উত্তেজনাও বেড়েছে।

এর আগে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে বড় আকারের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছিল। এতে উন্নত রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য যুদ্ধ নয়, বরং স্থিতিশীলতা বজায় রাখা। তাইওয়ান প্রশ্নে ভবিষ্যৎ অবস্থান নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে তাইওয়ান সরকার জানিয়েছে, তারা ট্রাম্প-শি বৈঠক ও পরবর্তী বক্তব্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ অংশীদার দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখে আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

এনএফ৭১/একে



বিষয়:



Top