ইরান হয় চুক্তি করবে, না হয় ধ্বংস হয়ে যাবে: ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে দেশটি ‘ধ্বংস’ বা সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার মুখোমুখি হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সম্প্রচারমাধ্যমে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইরানকে হয় একটি চুক্তিতে আসতে হবে, না হলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। তার এই বক্তব্যকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর মন্তব্যগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান সম্প্রতি ভূগর্ভস্থ স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই তিনি আরও বলেন, এসব ক্ষেপণাস্ত্র খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংস করা সম্ভব।

তবে ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে তিনি তুলনামূলকভাবে কিছুটা নরম অবস্থানও প্রকাশ করেন। ট্রাম্পের মতে, বর্তমান ইরানি নেতারা আগের তুলনায় বেশি বাস্তববাদী ও যুক্তিসংগত আচরণ করছেন এবং আলোচনার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে ট্রাম্প ভিন্নমত প্রকাশ করে বলেন, জনমতের বিষয় বাদ দিলে এটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে তথাকথিত ভুয়া সংবাদমাধ্যমগুলোর কাছে বিষয়টি স্পষ্ট করার জন্য স্বচ্ছতা জরুরি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন, এই ইউরেনিয়াম সরানোর বিষয়টি তিনিই প্রথম তুলে ধরেছিলেন এবং এটি বাস্তবায়নে তিনি অটল।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

শেষে ট্রাম্প আশা প্রকাশ করেন, ইরান তার বার্তাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করবে এবং সংঘাতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে আসবে। অন্যথায় বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে বলেও তিনি সতর্ক করেন।

সূত্র: আল-জাজিরা



বিষয়:



Top