দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৩:৪৬ পিএম
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম শাফাক নিউজ।
লেবাননের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার নাবাতিয়েহ ও টাইর জেলার একাধিক এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আলি আল-তাহের পাহাড়ি অঞ্চল, ইয়োহমোর আল-শাকিফ, কফারতেবনিত ও জেবশিত শহরে ব্যাপক বোমাবর্ষণ করা হয়। এসব এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি।
এদিকে আরনুন, ফ্রুন ও জিবদিন এলাকায় গোলাবর্ষণে তিনজন নিহত এবং পাঁচজন আহত হন। এছাড়া হারিস ও দেইর আল-জাহরানিতেও পৃথক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে তারা প্রায় ৬৫টি সামরিক অভিযান পরিচালনা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব অভিযানে হিজবুল্লাহর ২০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে ৮ হাজার ৫০০টির বেশি ইসরায়েলি হামলায় ২ হাজার ৮৯৬ জন নিহত এবং ৮ হাজার ৮২৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
