ভারতে বজ্রপাত ও ভারি বর্ষণে মৃত্যু বেড়ে ১১১
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০২:৪৯ পিএম
ভারতের উত্তর প্রদেশে প্রবল শিলাবৃষ্টি, ভারি বর্ষণ ও বজ্রপাতে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজ্যের ২৫টি জেলায় এ হতাহতের ঘটনা ঘটে।
রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে প্রয়াগরাজ জেলায়। সেখানে ২১ জন নিহত হয়েছেন। এছাড়া মির্জাপুরে ১৯ জন, সন্ত রবিদাসনগরে ১৬ জন এবং ফতেহপুরে ১১ জনের মৃত্যু হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন জেলায় প্রায় ১৭০টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২২৭টি ঘরবাড়ি।
ত্রাণ কমিশনার ঋষিকেশ ভাস্কর যশোদ জানান, ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের মাধ্যমে জেলার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে।
এদিকে উত্তর প্রদেশের বেরেলি জেলার ভামোরা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রবল ঝড়ো বাতাসে নানহে আনসারি নামে এক ব্যক্তি টিনের চালসহ প্রায় ৫০ ফুট ওপরে উঠে যান। পরে তিনি একটি ভুট্টাখেতে পড়ে গুরুতর আহত হন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনকে দ্রুত ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিষয়:
