ঢাকা সহ বহু রুটে ফ্লাইট কমাচ্ছে এয়ার ইন্ডিয়া
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০১:০২ এএম
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জেট জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বড় ধরনের সংকটে পড়েছে ভারতের বিমান পরিবহন খাত। এর প্রভাবে আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসে প্রায় ৪০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং আকাশপথে বিভিন্ন বিধিনিষেধের কারণে দূরপাল্লার ফ্লাইট পরিচালনা এখন বাণিজ্যিকভাবে কঠিন হয়ে পড়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটে বুকিং, বিনা খরচে তারিখ পরিবর্তন অথবা সম্পূর্ণ অর্থ ফেরতের সুযোগ দেওয়া হবে।
সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট সংখ্যা কমানো বা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর মধ্যে দিল্লি-শিকাগো রুট পুরোপুরি বন্ধ করা হয়েছে। দিল্লি-সান ফ্রান্সিসকো, টরন্টো ও ভ্যাঙ্কুভার রুটেও ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।
ইউরোপের বিভিন্ন গন্তব্যে—প্যারিস, মিলান, কোপেনহেগেন, ভিয়েনা, জুরিখ ও রোম রুটেও ফ্লাইট সংখ্যা কমিয়ে আনা হয়েছে। একইসঙ্গে অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক রুটেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
বিশেষ করে মুম্বাই-ঢাকা রুটসহ কয়েকটি রুট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় ফিরবে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আরও ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তনের আশঙ্কাও রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
