ঝড়ে টিনের চালাসহ উড়ে গেলেন এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১২:২৩ এএম

সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ ঝড় ও বৃষ্টিতে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাজ্যজুড়ে আঘাত হানা এই দুর্যোগে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, যেখানে দেখা যায় এক ব্যক্তি প্রবল ঝড়ে টিনের চালাসহ আকাশে উড়ে যাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেরেলি জেলার ভামোরা থানার বামিয়ানা গ্রামে ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম নানহে মিয়ান। ঝড়ের সময় নিরাপদ থাকতে তিনি একটি দড়ি ধরে ছিলেন। কিন্তু প্রবল বাতাসে দড়ি ছিঁড়ে গেলে টিনের চালাসহ তিনি শূন্যে ভেসে যান এবং প্রায় ৫০ ফুট দূরে গিয়ে মাটিতে পড়েন।

ঘটনায় তার হাত ও পায়ে হাড় ভেঙেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, মুহূর্তের মধ্যে তিনি অনেক ওপরে উঠে গিয়েছিলেন এবং কোথায় গিয়ে পড়েছেন তা বুঝতেই পারেননি।

আনন্দবাজার অনলাইনের তথ্য অনুযায়ী, অযোধ্যা, বারাণসী, গাজিয়াবাদসহ উত্তর প্রদেশের অন্তত ৩০টি জেলা ঝড়-বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে প্রয়াগরাজ জেলায়, যেখানে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রতাপগড়, ভদোহী, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চন্দৌলী, সোনভদ্র ও বদায়ুঁ জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রশাসন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top