ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাত, নিহত প্রায় ৯০
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৯:১৩ পিএম
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ভারী বৃষ্টি, ঝড় ও বজ্রপাতে অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, বুধবারের বৈরী আবহাওয়ায় নিহত হয়েছেন ৮৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন। এছাড়া ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৭টি বাড়ি এবং মারা গেছে ১১৪টি গবাদিপশু।
ত্রাণ বিভাগের এক কর্মকর্তা জানান, অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে এবং বাড়ির দেয়াল ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৪ ঘণ্টার মধ্যে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।
টেলিভিশনের সম্প্রচারিত দৃশ্যে দেখা গেছে, প্রবল বাতাসে গাছ ও বড় বড় বিলবোর্ড উপড়ে সড়কে পড়ে যাচ্ছে। কোথাও কোথাও এসব ভেঙে গাড়ির ওপরও পড়তে দেখা যায়। ধূলিঝড়ের তাণ্ডবে রাস্তার পাশের দোকানের আসবাবপত্রও উড়ে যেতে দেখা গেছে।
রাজ্যের ভারোহি জেলাতেই ধূলিঝড়ে প্রাণ হারিয়েছেন ১৬ জন। এছাড়া ফতেহপুর জেলায় বৃষ্টিজনিত ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলাতেও অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৈরী আবহাওয়ায় উত্তর প্রদেশের অন্তত পাঁচটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
