আদালতে আইনজীবীর বেশে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:৫২ পিএম
নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে উপস্থিতির পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়-কে দেখা গেল কলকাতা হাইকোর্টে এক ভিন্ন ভূমিকায়। বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে আদালত প্রাঙ্গণে হাজির হয়ে আলোচনার জন্ম দেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বেলা ১১টার কিছু আগে কালো শামলা পরে হাইকোর্ট চত্বরে পৌঁছান মমতা। তাকে ঘিরে সমর্থক ও উপস্থিত লোকজনের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ দেখা যায়।
সেদিন প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে নিজেই বক্তব্য উপস্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইকোর্ট প্রাঙ্গণে তার উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। পোস্টে দাবি করা হয়, সংকটের সময়ে রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে তিনি কখনো পিছপা হন না এবং ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় তার অবস্থান অবিচল।
এজলাসে বক্তব্য দিতে গিয়ে মমতা বলেন, “প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। এরপর থেকে সদস্যপদ নবায়ন করেছি।”
তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর নারী, শিশু ও সংখ্যালঘুদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। তার ভাষ্য অনুযায়ী, ধর্ষণের হুমকি, ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মতো অভিযোগ প্রতিনিয়ত আসছে, তবে পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
মমতা আরও বলেন, আদালতের অনুমতি পেলে এসব অভিযোগ অতিরিক্ত হলফনামায় যুক্ত করবেন। একইসঙ্গে তিনি রাজ্যের মানুষকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এটা কোনো বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ—রাজ্যবাসীকে বাঁচান।”
ঘটনাটি ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এনএফ৭১/ওতু
বিষয়:
