পশ্চিমবঙ্গে গরু জবাইয়ে কড়াকড়ি বিধিনিষেধে,আইন ভাঙলে কঠোর শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:১৪ পিএম

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ-এ গরুসহ সব ধরনের পশু জবাইয়ের ওপর নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে রাজ্যের নবগঠিত বিজেপি সরকার। সম্প্রতি জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে উন্মুক্ত স্থান বা জনসমাগম এলাকায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, গরু, ষাঁড়, বলদ কিংবা মহিষসহ যেকোনো পশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন নিতে হবে। নির্ধারিত ‘ফিটনেস সনদ’ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সী এবং কর্মক্ষমতা বা প্রজনন সক্ষমতা হারানো পশুর ক্ষেত্রেই জবাইয়ের অনুমতি দেওয়া হবে। একইসঙ্গে গুরুতর আঘাতপ্রাপ্ত বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া পশুর ক্ষেত্রেও এই বিধান কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদিত পশু কেবল সরকারি অনুমোদিত কসাইখানা বা প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। রাস্তা বা জনসম্মুখে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিয়ম বাস্তবায়নে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যেকোনো সময় সংশ্লিষ্ট এলাকা বা স্থাপনা পরিদর্শন করতে পারবেন।

সরকার জানিয়েছে, নতুন এই আইন অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। পাশাপাশি এ ধরনের অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবেও গণ্য করা হবে।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে সরকার গঠন করে। নতুন সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top