দর্জির মেয়ের অনন্য কীর্তি, একসাথে ১৭টি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন কান্দিল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:৩২ পিএম
দরিদ্র দর্জি বাবার কাঁপা হাতে একের পর এক ১৭টি স্বর্ণপদক গ্রহণ করে আবেগে ভেসে গেলেন মেয়ে কান্দিল মুর্তজা। অভাবের সঙ্গে আজীবন লড়াই করা এই পরিবারের গল্পে এবার যোগ হলো অসাধারণ এক সাফল্যের অধ্যায়।
মেধার সর্বোচ্চ শিখরে পৌঁছে কান্দিল মুর্তজা পাকিস্তানের খাইবার গার্লস মেডিকেল কলেজের ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছেন। এমবিবিএস প্রোগ্রামে তিনি সর্বোচ্চ ১৭টি স্বর্ণপদক অর্জন করেন।
পেশোয়ারে অনুষ্ঠিত ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে তার এই অভাবনীয় কৃতিত্বে পুরো মিলনায়তন মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অতিথিরা একের পর এক পদক তুলে দিচ্ছেন আর পাশে গর্বিত পিতা আবেগে আপ্লুত হয়ে দাঁড়িয়ে আছেন।
প্রতিবেদন অনুযায়ী, কলেজের ইতিহাসে এটিই কোনো শিক্ষার্থীর সর্বোচ্চ স্বর্ণপদক অর্জনের রেকর্ড। একই অনুষ্ঠানে আরও কয়েকজন মেধাবী শিক্ষার্থীও সম্মানিত হন, যাদের মধ্যে মুকাদ্দাস ১০টি এবং সাবিহ ৭টি স্বর্ণপদক অর্জন করেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপে কান্দিলের বাবা জানান, তাদের পরিবারে শিক্ষার ধারাবাহিক সাফল্য রয়েছে। কান্দিলের এক বোন বর্তমানে খাইবার মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। আরেক বোন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে (এফআইএ) গ্রেড-১৭ কর্মকর্তা হিসেবে কর্মরত। তৃতীয় কন্যা পিএইচডি শেষ করে বর্তমানে ইসলামাবাদে কাজ করছেন এবং পরিবারের একমাত্র ছেলে একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার।
কান্দিল মুর্তজার এই সাফল্য অনলাইনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার অধ্যবসায়, মেধা এবং পরিবারের ত্যাগ-তিতিক্ষার গল্পকে অনুপ্রেরণার উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।
সূত্র: পাকিস্তান টুডে
এনএফ৭১/ওতু
বিষয়:
