ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৫:১৮ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখানো একটি মানচিত্র পোস্ট করেছেন। ওই পোস্টে দেশটির মানচিত্রের ওপর যুক্তরাষ্ট্রের পতাকার নকশা ব্যবহার করা হয় এবং সেখানে স্পষ্টভাবে ‘৫১তম অঙ্গরাজ্য’ লেখা ছিল।

চীন সফরে যাওয়ার পথে মঙ্গলবার এই পোস্টটি দেন ট্রাম্প। এর একদিন আগেই ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্পষ্টভাবে জানিয়ে দেন, তাদের দেশ কখনোই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার বিষয়টি ভাবেনি। এমনকি গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী সাবেক নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পরও এমন কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

এর আগে ১১ মে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য করার বিষয়টি তিনি বিবেচনা করছেন। দীর্ঘদিন ধরেই তিনি দাবি করে আসছেন যে দেশটির ওপর তার প্রভাব রয়েছে।

অন্যদিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্ক কিছুটা উষ্ণ হতে শুরু করেছে। তার সরকার খনিজ ও তেল খাত বিদেশি কোম্পানির জন্য আবারও উন্মুক্ত করেছে, যেখানে বিশেষভাবে মার্কিন প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে।

ভেনেজুয়েলার বিরোধী দলও নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে ১ মে সম্ভাব্য নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে রদ্রিগেজ জানান, তিনি এ বিষয়ে নিশ্চিত নন, তবে কোনো এক সময় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top