পশ্চিমবঙ্গে এবার রাস্তায় নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৭:৫১ এএম

ছবি: সংগৃহীত

‘শুভেন্দু অধিকারী রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করেছেন’, ভারতীয় সংবাদমাধ্যমকে বিজেপি নেতা ও ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য অর্জুন সিংয়ের দেওয়া এই বিবৃতির পরে দেশটিতে ব্যাপক সমালোচনা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, একটি টেলিভিশন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের পর বিষয়টি বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর এর পক্ষে ও বিপক্ষে নানা মতামত দেখা যায়।

অর্জুন সিং দাবি করেন, এক বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে যে রাস্তায় নামাজ পড়া সহ্য করা হবে না। তবে মসজিদে নামাজ আদায়ে কোনো বাধা নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অবৈধ গরু পাচার, চোরাচালান এবং পুলিশের ওপর হামলার মতো বিষয়েও সরকার কঠোর অবস্থানে রয়েছে।

এর আগেও পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে রাস্তা অবরোধ করে নামাজ আদায় নিয়ে রাজনৈতিক বিতর্ক দেখা গেছে। গত বছর কলকাতার রেড রোডে ঈদের নামাজ আয়োজন নিয়েও সেনাবাহিনীর অনুমতি নিয়ে আলোচনা হয়েছিল। পরে অনুমতি দেওয়া হলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।

এদিকে সম্প্রতি রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার বৈঠকের পর পুলিশ ও জেলা প্রশাসনের উদ্দেশ্যে কিছু প্রশাসনিক নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা যায়। তবে এসব নির্দেশনার কোনো লিখিত প্রকাশনা নেই এবং অনেক সময় প্রশাসনিক রুটিন কার্যক্রম হিসেবেই এগুলো দেওয়া হয়।

এ বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এমন নির্দেশনার কথা শোনা গেলেও সেখানে সরাসরি নামাজ বন্ধের কোনো স্পষ্ট উল্লেখ নেই।

অন্যদিকে মানবাধিকার সংগঠনের এক প্রতিনিধি বলেন, জনশৃঙ্খলা রক্ষায় কিছু নিয়মকানুন থাকলেও ধর্মীয় বিষয়ে সীমাবদ্ধতা আরোপ করা সংবেদনশীল বিষয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top