পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭, আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৪:০১ এএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জনের বেশি মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার নওরং পুলিশ স্টেশনের কাছের ব্যস্ত নওরং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, সারাই নওরং তহসিলের নওরং বাজারে একটি রিকশার কাছে শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে নিহতের সংখ্যা আরও বাড়ে।

হাসপাতাল প্রশাসন নিশ্চিত করেছে, নিহত সাতজনের মরদেহ নওরং হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের মধ্যে ট্রাফিক পুলিশের দুই সদস্যও রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ ঘটনায় নওরং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। ব্যস্ত বাজার এলাকায় বিস্ফোরণ ঘটায় সাধারণ পথচারী ও ক্রেতাদের হতাহতের সংখ্যা বেশি বলে জানা গেছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ধ্বংসস্তূপ সরিয়ে এলাকাকে নিরাপদ করার কাজ চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: পাকিস্তান টুডে

এনএফ৭১/একে



বিষয়:



Top