দিল্লিতে প্রকাশ্যে দুই নারীর পোশাক ছিঁড়লেন যুবক, তাকিয়ে হাসলেন অন্যরা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:৫৪ এএম
ভারতের রাজধানী দিল্লিতে প্রকাশ্যে দুই নারীকে হেনস্তার অভিযোগ উঠেছে। চায়ের দোকানে বসে চা পান করার সময় একদল যুবক তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন। প্রতিবাদ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে নারীদের একজনের পোশাক টেনে ছিঁড়ে ফেলা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার দিল্লির নেহরু এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ৭টার দিকে দুই নারী স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের নিয়ে অশালীন মন্তব্য শুরু করেন। নারীদের একজন এর প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর চড়াও হন। পরে এক নারীর পোশাক টেনে ছিঁড়ে ফেলার পাশাপাশি যৌন হেনস্তারও অভিযোগ ওঠে।
হেনস্তার শিকার এক নারী বার্তা সংস্থা এএনআইকে জানান, তারা স্বাভাবিকভাবেই চা পান করছিলেন। হঠাৎ কয়েকজন ব্যক্তি তাদের উত্ত্যক্ত করা শুরু করেন। প্রথমে প্রতিবাদ করলে পরে আরও লোক জড়ো করা হয়, যাদের মধ্যে কয়েকজন মদ্যপ ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী দুই নারীর একজন আসাম এবং অন্যজন বিহারের বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে দুই নারীকে গালাগাল ও মৌখিকভাবে হেনস্তা করতে দেখা যায়।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফাহাদ, সাভেজ, আরিফ ও ফাহিম। সূত্র: এনডিটিভি
এনএফ৭১/একে
বিষয়:
